ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : এক দশক পর জয় পেল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ আসরে বাংলাদেশের জয় ছিল মাত্র দুই ম্যাচে। শেষ ১৬ ম্যাচে কোনো জয় পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। অবশেষে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওই অপেক্ষার অবসান ঘটেছে। স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে কাঙ্ক্ষিত সেই জয় পেয়েছে বাংলাদেশ।


বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজায় আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ধীর ও নিচু উইকেটে এ রানই যে জয়ের জন্য যথেষ্ট সেটা প্রমাণ করেছেন বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কটিশরা থামে ৭ উইকেটে ১০৩ রানে।


ম্যাচের আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন নিজের শততম ম্যাচে জয় চান। তার ওই চাওয়া পূর্ণ করেছেন সতীর্থরা। আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ রান তোলে বাংলাদেশ। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও বড় ইনিংস খেলেন সোবহানা মোস্তারি ও সাথী রাণী। সোবহানা ৩৬ ও সাথীর ব্যাটে আসে ২৯ রান। এ ছাড়া ১৮ রান আসে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে।স্কটিশদের হয়ে সাসকিয়া হরলি ১৩ রানে নেন তিন উইকেট।


বাংলাদেশের দেওয়া ১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কটল্যান্ডের শুরুটা ছিল ধীরগতির। পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে। ফলস্বরূপ, ৯.৫ ওভারে  স্কোরকার্ডে ৪৯ রান তুলতে স্কটল্যান্ড হারিয়ে বসে তিন উইকেট। পরে ওই ধারাবাহিকতা থেকে আর বেরিয়ে আসতে পারেনি স্কটিশ মেয়েরা। ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান তোলে তারা।


বাংলাদেশের হয়ে দুই উইকেট নেন রিতু মনি। এ ছাড়া একটি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন। এ ম্যাচে ক্যাথেরিন ফ্রেসারকে আউট করে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাহিদা। অন্যদিকে সাসকিয়া হরলিকে আউট করে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়েন ফাহিমা।

ads
ads
ads

Our Facebook Page

↑